ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলি করার ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অন্তত পাঁচটি স্থানে অভিযান চালিয়েছে পুলিশ, কিন্তু সন্ত্রাসীরা বারবার অবস্থান ও সিমকার্ড পরিবর্তন করায় গ্রেফতারে বিলম্ব হচ্ছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ তথ্য জানান।
তিনি বলেন, হাদির পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। মামলায় মোটরসাইকেল চালক এবং পেছনে বসে গুলি করা ব্যক্তিকে প্রধান আসামি করা হবে।
আরও পড়ুন- হাদির চিকিৎসায় যে সিদ্ধান্ত দিলো বিশেষ মেডিকেল টিম
এদিকে, ডিএমপির মতিঝিল জোনের এক কর্মকর্তা জানান, তদন্তে ‘বিশেষ অগ্রগতি’ হয়েছে। প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল দেশ ছেড়ে পালিয়েছেন – এমন কোনো তথ্য নেই। তার বাসাসহ পাঁচটি স্থানে অভিযান চালানো হয়েছে, কিন্তু তাকে পাওয়া যায়নি।
ওই কর্মকর্তা আরও বলেন, অভিযুক্ত একাধিক মোবাইল নম্বর ব্যবহার করছেন এবং বারবার পরিবর্তন করেছেন। এসব তথ্যের ভিত্তিতে অনুসন্ধান চালানো হলেও নিশ্চিত অবস্থান মেলেনি। শনিবারও নতুন কোনো তথ্য পাওয়া যায়নি।
তদন্তে র্যাব, ডিবিসহ অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে বলে জানান তিনি।
মামলার বিষয়ে মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার হারুন অর রশিদ বলেন, ভুক্তভোগীর পরিবার হাসপাতালে থাকায় মামলা দায়েরে কিছুটা বিলম্ব হচ্ছে। পরিবারই বাদী হয়ে মামলা করবে।
