মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের ১৪ বছরের হাফেজ আনাস বিন আতিককে সংবর্ধনা দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাফেজ আনাসকে ক্রেস্ট প্রদান করেন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন জানান, অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের সচিব শেখ মুর্শিদুল ইসলাম, দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ, মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার মুহতামিম শায়েখ নেছার আহমদ নেছারী এবং হাফেজ আনাসের পিতা আতিকুর রহমানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ধর্মসচিব মো. কামাল উদ্দিন হাফেজ আনাসকে অভিনন্দন জানিয়ে বলেন, “এই অসাধারণ অর্জনের মাধ্যমে হাফেজ আনাস বিশ্বের বুকে বাংলাদেশকে উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকাকে সম্মানিত করেছেন।” তিনি আরও জানান, বিশ্ববিজয়ী হাফেজ ও কারিদের অর্জন নিয়ে ইসলামিক ফাউন্ডেশন থেকে বই প্রকাশের উদ্যোগ নেওয়া হবে।

গত ৬ থেকে ১০ ডিসেম্বর কায়রোতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্বের ৭০টি দেশের প্রতিযোগীদের হারিয়ে বাংলাদেশের প্রতিনিধি হাফেজ আনাস প্রথম স্থান অর্জন করেন। পুরস্কার গ্রহণ করে তিনি সম্প্রতি দেশে ফিরেছেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ২০২৫ ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের বিচারকমণ্ডলীর মাধ্যমে মিশরের এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য হাফেজ আনাসকে নির্বাচিত করা হয়েছিল।