ফরিদপুরের নগরকান্দায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর সমর্থিত এক কর্মীকে ছুরিকাঘাত ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৫ জানুয়ারি) রাতের দিকে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কদমতলী এলাকায় এই ঘটনা ঘটে। আহত ব্যক্তি আলমগীর হোসেন, যিনি জামায়াতে ইসলামীর কর্মী। অভিযোগ অনুযায়ী, একই এলাকার মিলন শেখ ও রাশেদ মোল্লা তাকে প্রথমে ছুরি দিয়ে কুপিয়ে এবং পরে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, মিলন শেখ ও রাশেদ মোল্লা আগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য লাবু চৌধুরীর সমর্থক ছিলেন, কিন্তু বর্তমানে তারা বিএনপির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। পরে স্থানীয়রা আহত আলমগীরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহত আলমগীর ও তার ভাই জাহাঙ্গীর জানান, ফরিদপুর-২ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা আকরাম আলী’র ‘রিকশা’ প্রতীকের পক্ষে প্রচারণা শেষে তারা বাড়ি ফিরছিলেন। এসময় কদমতলী বাজার এলাকায় মিলন ও রাশেদ আকস্মিকভাবে হামলা চালায়।
এ ঘটনায় খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আকরাম আলী বলেন, “আমরা নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে প্রচারণা চালাচ্ছিলাম। কিন্তু পরিকল্পিতভাবে আমাদের কর্মীর ওপর হামলা করে নির্বাচনী পরিবেশ নষ্ট করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
অপরদিকে, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন, “এই ঘটনা সম্পূর্ণ সাজানো। বিএনপির জনপ্রিয়তা ও জনসমর্থনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই নাটক সাজানো হয়েছে।”
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল সামদানী জানান, ঘটনাটি জানার পর পুলিশ সেখানে পাঠানো হয়েছে।
