অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সরকারের দায় রয়েছে। প্রহসনের মিথ্যা মামলা ও রায়ের মাধ্যমে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ড. আসিফ নজরুল বলেন, এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে খালেদা জিয়াকে যথাযথ মর্যাদা ও সুচিকিৎসার সুযোগ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সব সময় তার খোঁজ-খবর নিয়েছেন। আরও দুই বছর আগে যদি এই সরকার ক্ষমতায় আসত, তাহলে হয়তো উন্নত চিকিৎসার মাধ্যমে তাকে বাঁচানো সম্ভব হতো।

তিনি জানান, খালেদা জিয়ার জানাজা ও দাফন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক দুপুরেই অনুষ্ঠিত হবে। তাকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানাজায় সব ধরনের সহায়তা প্রদান করা হবে।

আসিফ নজরুল আরও বলেন, জাতির এই শোকের মুহূর্তে খালেদা জিয়ার মতো নেত্রীর খুব প্রয়োজন ছিল। তার অবদান বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে অক্ষয় হয়ে থাকবে। জানাজা ভাবগম্ভীর ও শৃঙ্খল পরিবেশে পালনের অনুরোধ জানাচ্ছি।

সভায় খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন, আগামীকাল সাধারণ ছুটি এবং বিশ্বের সব বাংলাদেশি দূতাবাসে শোক বই খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশ নেন এবং সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

প্রধান উপদেষ্টা জানিয়েছেন, আগামীকাল বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা করা হবে।