রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে তার সার্বিক পরিস্থিতি এখনও অত্যন্ত আশঙ্কাজনক। তার চিকিৎসায় বিভিন্ন বিভাগের ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) হাসপাতালের আইসিইউ অ্যান্ড এইচডিইউ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. মো. জাফর ইকবাল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশনের পর ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়।
মেডিকেল বোর্ডের প্রধান পর্যবেক্ষণ ও সিদ্ধান্তগুলো হলো:
- ব্রেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত; অপারেশন সম্পন্ন হওয়ায় কনজার্ভেটিভ ম্যানেজমেন্ট চালিয়ে ব্রেন প্রোটেকশন প্রোটোকল অনুসরণ করা হবে। স্থিতিশীল হলে রিপিট সিটি স্ক্যান করা যেতে পারে।
- ফুসফুসে ইনজুরি ও সংক্রমণ প্রতিরোধে চেস্ট ড্রেইন টিউব ও ভেন্টিলেটর সাপোর্ট অব্যাহত রাখা হবে।
- কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে; ফ্লুইড ব্যালেন্স বজায় রেখে ধরে রাখা হবে।
- রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের অসামঞ্জস্যতা (ডিআইসি) অনেকটা নিয়ন্ত্রণে; সার্বক্ষণিক মনিটরিং করে রক্ত ও উপাদান ট্রান্সফিউজ করা হবে।
- ব্রেন স্টেম ইনজুরির কারণে ব্লাড প্রেসার ও হার্ট রেট ওঠানামা করছে; প্রয়োজনে টেম্পোরারি পেসমেকার লাগানোর প্রস্তুতি রয়েছে।
মেডিকেল বোর্ড ঢাকা মেডিকেলের সংশ্লিষ্ট চিকিৎসক ও স্টাফদের ‘হিরোইক’ প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, রোগীর পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক। এ সামারি তার ভাই ও আপনজনদের ব্যাখ্যা করা হয়েছে।
