আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং ‘ফ্যাসিস্ট টেরোরিস্টদের’ দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন।

উল্লেখ্য, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে সন্ত্রাস দমন, আইনশৃঙ্খলা উন্নয়ন ও অপরাধীদের আইনের আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকার ‘অপারেশন ডেভিল হান্ট-১’ শুরু করেছিল।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রয়োজন হলে তা প্রদান করা হবে। এছাড়া, যাদের লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র সরকারের কাছে জমা আছে, সেগুলো ফেরত দেওয়া হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তার নিরাপত্তার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “সরকার তারেক রহমানের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে এবং তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।”