শীত মৌসুম এলেই সকালবেলা ভাপা, পিঠা-পুলি আর নানা ধরনের ঘরোয়া খাবারের আয়োজন শুরু হয়ে যায়। এ সময় বাড়িতেই তৈরি হয় নানা রকম মজাদার খাবার। তবে এবার চাইলে একটু ভিন্ন স্বাদের কিছু ট্রাই করতে পারেন। ড্রাই ফ্রুটস বা বাটার রিচ কেকের বদলে নলেন গুড়ের প্রাকৃতিক মিষ্টতায় তৈরি কেক হতে পারে দারুণ এক বিকল্প।

শীতকালে গুড় দিয়ে তৈরি কেক এখন বাজারে বেশ জনপ্রিয়। বিশেষ করে নলেন গুড়ের কেক সামাজিক মাধ্যমেও দ্রুত ছড়িয়ে পড়েছে। নরম, সুগন্ধি ও মুখে গলে যাওয়া এই কেক খুব সহজেই বানানো যায় ঘরেই। চলুন জেনে নেওয়া যাক ঘরে বসে নলেন গুড়ের কেক তৈরির সহজ রেসিপি।

উপকরণ

ময়দা ১ কাপ, ডিম ২টি, গুঁড়া দুধ ১ কাপ, নলেন গুড় ১ কাপ, কোকো পাউডার ২ টেবিল চামচ, বেকিং পাউডার আধা চা চামচ, বেকিং সোডা আধা চা চামচ, ভ্যানিলা এসেন্স ১ চা চামচ, মাখন আধা কাপ ও লবণ স্বাদমতো।

প্রণালি

প্রথমে ময়দা, গুঁড়া দুধ, কোকো পাউডার, বেকিং পাউডার, বেকিং সোডা ও লবণ একসঙ্গে মিশিয়ে চালুনি দিয়ে ছেঁকে নিন। অন্য একটি পাত্রে মাখন ও নলেন গুড় একসঙ্গে ভালোভাবে বিট করুন। এরপর এতে ডিম ও ভ্যানিলা এসেন্স যোগ করে মিশ্রণটি মসৃণ করে নিন।

এবার ধীরে ধীরে শুকনো উপকরণের মিশ্রণটি তরল মিশ্রণে যোগ করুন। ভালোভাবে মিশিয়ে কেকের ব্যাটার তৈরি করুন। কেক প্যানে ফয়েল বা বাটার পেপার বিছিয়ে ব্যাটার ঢেলে দিন। চাইলে ওপরে ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিতে পারেন।

পূর্বে গরম করা ওভেনে ১৬০ ডিগ্রি সেলসিয়াস তাপে ২৫–৩০ মিনিট বেক করুন। বেক হয়ে গেলে ওভেন থেকে বের করে ঠান্ডা করে পরিবেশন করুন।

শীতের সকালে বা বিকেলের চায়ের সঙ্গে নলেন গুড়ের এই কেক হতে পারে দারুণ এক স্বাদবদলের আয়োজন।