প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যবইয়ের কাজ সম্পন্ন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

মহান বিজয় দিবসকে সামনে রেখে প্রাথমিক শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত সব অংশীজনের সম্মিলিত ও আন্তরিক প্রচেষ্টায় প্রাথমিক স্তরের সব পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহ সফলভাবে শেষ হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সরকারের দৃঢ় অঙ্গীকার ও নিরবচ্ছিন্ন তদারকির পাশাপাশি মুদ্রণ প্রতিষ্ঠান, পরিবহন সংস্থা এবং এনসিটিবির কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে।

এর ফলে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রাথমিক স্তরের সব শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়ার পথ সুগম হলো। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শিক্ষাবর্ষের আগে প্রায় সাড়ে আট কোটির বেশি পাঠ্যপুস্তক মুদ্রণ ও প্রস্তুত করা একটি জটিল ও চ্যালেঞ্জিং কাজ, যা সফলভাবে সম্পন্ন হওয়া সরকারের শিক্ষাবান্ধব নীতি ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অঙ্গীকারের প্রতিফলন।

মানুষ আগুন জ্বালাতে শিখল কবে?

এনসিটিবির এ অর্জনকে প্রাথমিক শিক্ষাব্যবস্থার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করে এ উপলক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মতে, এই সাফল্য দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে আরও গতিশীল ও কার্যকর করতে সহায়ক হবে।