জুলাই ঐক্যের উদ্যোগে আয়োজিত ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশি বাধার মুখে পড়েছে সংগঠনটির নেতাকর্মীরা।
শেখ হাসিনাসহ জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনা এবং কথিত ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর রামপুরা ব্রিজ থেকে লং মার্চ শুরু হয়। তবে বিকেল ৪টার দিকে বাড্ডার হোসেন মার্কেট এলাকায় পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকে দেয়।
মিছিল থামিয়ে দেওয়ার পর জুলাই ঐক্যের নেতাকর্মীরা প্রগতি সরণিতে অবস্থান নেন। এ সময় তারা ভারতের আগ্রাসনের অভিযোগ তুলে স্লোগান দেন এবং জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবি জানান। পাশাপাশি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিও তোলেন।
পুলিশের ব্যারিকেড ও সড়কে অবস্থানের কারণে বিকেল ৩টা থেকে প্রগতি সরণিতে যান চলাচল বন্ধ হয়ে যায়, এতে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

