টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ ও ক্রিকইনফোসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আসন্ন আসরে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বিষয়টিকে বাংলাদেশের প্রতি ‘অন্যায়’ বলে মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।

দীর্ঘদিন আলোচনা চললেও ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে না যাওয়ার অবস্থানে অনড় ছিল বাংলাদেশ। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আগেই এই সিদ্ধান্তের কথা স্পষ্ট করেন। পাকিস্তানের সমর্থনের বিষয়টি এতদিন গুঞ্জন হিসেবে থাকলেও এবার তা প্রকাশ্যে নিশ্চিত করলেন নাকভি।

শুক্রবার লাহোরে পিসিবি কার্যালয়ে একটি ক্যাফে উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “বাংলাদেশ ক্রিকেটের বড় একটি অংশীদার। তাদের সঙ্গে অবিচার করা হচ্ছে। যেকোনো পরিস্থিতিতেই বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে দেওয়া উচিত।”

আইসিসির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন পিসিবি চেয়ারম্যান। তার ভাষায়, “গত কয়েক বছরে ভারত পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়নস ট্রফি ও এশিয়া কাপ খেলেনি। যখন পাকিস্তান ও ভারতের ক্ষেত্রে সমাধান খোঁজা যায়, তখন বাংলাদেশের জন্যও একই ধরনের সুবিধা কেন দেওয়া হবে না?”

পাকিস্তানের অংশগ্রহণ প্রসঙ্গে নাকভি জানান, বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তিনি বলেন, “সরকার যদি নির্দেশনা দেয়, তাহলে আমরা বিশ্বকাপে অংশ নেব না। প্রধানমন্ত্রীর দেশে ফেরার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”