বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে দুই দেশের ক্রিকেট অঙ্গনে। উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির মুখে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেওয়ার ঘটনায় দেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।

বিশ্বমানের এই ক্রিকেটারের সঙ্গে এমন আচরণ মেনে নিতে পারেনি বাংলাদেশের ক্রীড়ামহল ও সাধারণ মানুষ।

এ ঘটনার প্রতিবাদে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে গিয়ে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায়। পাশাপাশি সরকারের পক্ষ থেকে দেশে আইপিএল সম্প্রচার বন্ধের প্রজ্ঞাপন জারি করা হয়। দুই দেশের সম্পর্ক যখন চরম উত্তেজনাকর অবস্থায়, ঠিক সেই সময় বাংলাদেশি একাধিক ক্রিকেটারের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসজি (সানস্পাইরেলস গ্রিনল্যান্ডস)। বিষয়টি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

বাংলাদেশ দলের ব্যাটসম্যান লিটন কুমার দাস দীর্ঘদিন ধরে এসজির ব্যাট ব্যবহার করে আসছিলেন। তবে সামনের দিনগুলোতে তার ব্যাটে আর এসজির স্টিকার দেখা যাবে না। কারণ প্রতিষ্ঠানটি তার সঙ্গে চুক্তি নবায়ন করছে না।

একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইয়াসির আলী রাব্বি ও টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হকের ক্ষেত্রেও। এই তিন ক্রিকেটারের এজেন্ট জানিয়েছেন, এসজি আগেই চুক্তি নবায়নের আশ্বাস দিয়েছিল। তবে হঠাৎ করে কোনো কারণ ব্যাখ্যা ছাড়াই চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত জানানো হয়।

এ বিষয়ে মুমিনুল হক গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সব মিলিয়ে বাংলাদেশ–ভারত সম্পর্কের চলমান উত্তেজনার মধ্যে এই সিদ্ধান্তকে অনেকেই ‘আগুনে ঘি ঢালা’ হিসেবে দেখছেন।