জুনে মাঠে গড়াতে যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ। তার আগে বিশ্বজুড়ে ভ্রমণে বেরিয়েছে বিশ্বকাপের ট্রফি। বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলেও আজ বুধবার (১৪ জানুয়ারি) সেই বিশ্বকাপ ট্রফি পৌঁছেছে বাংলাদেশে।

ফুটবল বিশ্বকাপের ট্রফিকে ঘিরে রয়েছে দীর্ঘ ও সমৃদ্ধ ইতিহাস। সময়ের পরিক্রমায় তিনবার পরিবর্তন হয়ে বর্তমান রূপ পেয়েছে এই ট্রফি।

১৯৩০ সালে প্রথমবার অনুষ্ঠিত হয় ফুটবল বিশ্বকাপ। সেই আসরে উরুগুয়ে শিরোপা জিতলে যে ট্রফি দেওয়া হয়, তার নাম ছিল ‘ভিক্টোরি’। পরবর্তী তিনটি বিশ্বকাপেও একই ট্রফি প্রদান করা হয়।

১৯৪৬ সালে এসে ট্রফির নাম পরিবর্তন করা হয়। ফিফার তৎকালীন সভাপতি ও বিশ্বকাপ প্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জুলে রিমের নামানুসারে ট্রফিটির নতুন নাম রাখা হয় ‘জুলে রিমে ট্রফি’। ফরাসি ভাস্কর আবেল লাফ্লেয়ার নকশা করা এই ট্রফিটি ছিল গ্রিক বিজয়ের দেবী ‘নাইকি’র একটি স্বর্ণমূর্তি। ১৯৭০ সাল পর্যন্ত এই ট্রফিই বিশ্বচ্যাম্পিয়নদের হাতে তুলে দেওয়া হতো।

১৯৭০ সালে ব্রাজিল তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতে জুলে রিমে ট্রফি স্থায়ীভাবে নিজেদের করে নিলে নতুন ট্রফির প্রয়োজন দেখা দেয়। এরপর ১৯৭৪ সালে যাত্রা শুরু হয় বর্তমান ফিফা বিশ্বকাপ ট্রফির। ৫৩টি দেশের নকশা থেকে ইতালিয়ান শিল্পী সিলভিও গাজানিগার করা নকশাটি চূড়ান্ত করে ফিফা। ট্রফিটি তৈরি করা হয় ইতালির মিলান শহরের ‘জিডিই বার্তোনি’ কারখানায়।