মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই দেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিশ্বমানের এক বাংলাদেশি ক্রিকেটারের সঙ্গে ভারতের এমন আচরণ মেনে নিতে পারেনি ক্রীড়ামহল।

এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)ও আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়ে কঠোর অবস্থান নিয়েছে।

নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বিসিবি স্পষ্ট জানিয়ে দেয়, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না।

এই প্রেক্ষাপটে বিসিবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে একটি ই-মেইলের মাধ্যমে তাদের উদ্বেগের কথা জানায়। তবে দুই থেকে তিন দিন পেরিয়ে গেলেও সেই মেইলের কোনো জবাব আসেনি।

অবশেষে আজ জানা গেছে, আইসিসি বিসিবির পাঠানো মেইলের উত্তর দিয়েছে। বিসিবির এক বোর্ড পরিচালক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, আইসিসির ফিরতি মেইলে বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত আশঙ্কা নিয়ে আরও বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে। সবকিছু প্রস্তুত থাকলে আজই আইসিসির কাছে সেই মেইলের জবাব পাঠাবে বিসিবি।

তবে আন্তর্জাতিক ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ এক প্রতিবেদনে দাবি করেছে, বাংলাদেশের অনুরোধে ইতিবাচক সাড়া দেয়নি আইসিসি। প্রতিবেদনে বলা হয়, আইসিসির মতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে এখনো তাদের কাছে কোনো নির্দিষ্ট বা কার্যকর হুমকির তথ্য নেই।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি জরুরি বোর্ড সভার পর বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে অনুরোধ জানায়—খেলোয়াড়, টিম অফিসিয়াল ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের সব ম্যাচ যেন ভারতের বাইরে আয়োজন করা হয়।

একইসঙ্গে এই ইস্যুর জেরে বাংলাদেশে আইপিএল সম্প্রচারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়। সব মিলিয়ে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্ক বর্তমানে এক উত্তপ্ত সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।