বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান এখন কাজের ব্যস্ততা কিছুটা কমিয়ে পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন। স্বামী সাইফ আলী খান ও দুই সন্তানকে নিয়ে নতুন বছর উদযাপনে তিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন। আনন্দময় এই ছুটির মাঝেই বিদায়ী বছরের স্মৃতিতে ফিরে গিয়ে আবেগে ভেসে যান অভিনেত্রী। জানান, জৌলুসের আড়ালে থাকা ২০২৫ সাল তাদের পরিবারের জন্য মোটেও সহজ ছিল না।

বছরের শেষ দিনে ইনস্টাগ্রামে স্বামী সাইফের সঙ্গে একটি ঘনিষ্ঠ ছবি শেয়ার করেন কারিনা। ক্যাপশনে তিনি লেখেন, বছরের শেষ প্রান্তে এসে পেছন ফিরে তাকালে বোঝা যায়—কতটা পথ পেরিয়ে এসেছেন তারা। তার ভাষায়, “২০২৫ সাল আমাদের জন্য, আমাদের সন্তানদের জন্য এবং পুরো পরিবারের জন্য ছিল ভীষণ কঠিন। আমরা অনেক কেঁদেছি, অনেক প্রার্থনা করেছি।”

কঠিন সময়েও একে অপরের হাত ধরে সামনে এগিয়ে যাওয়ার কথাও তুলে ধরেন তিনি। কারিনা লেখেন, সব বাধা পেরিয়ে তারা মাথা উঁচু করে হাসিমুখেই টিকে থাকতে পেরেছেন। তার মতে, ২০২৫ সাল তাদের শিখিয়েছে—মানুষ আসলে সাহসী, ভালোবাসা সবকিছু জয় করতে পারে এবং শিশুরা আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি শক্তিশালী।

পাশে থাকার জন্য ভক্ত, বন্ধু এবং সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নতুন বছরের প্রত্যাশার কথাও জানান এই অভিনেত্রী। ২০২৬ সালকে স্বাগত জানিয়ে তিনি লেখেন, নতুন বছর নিয়ে তারা এগোচ্ছেন নতুন উদ্দীপনা, গভীর কৃতজ্ঞতা, ইতিবাচক মনোভাব এবং যে কাজটি তারা সবচেয়ে ভালোবাসেন—চলচ্চিত্রের প্রতি অটুট ভালোবাসা নিয়ে।

উল্লেখ্য, ২০০৭ সালে ‘টশান’ ছবির শুটিংয়ের সময় সাইফ আলী খান ও কারিনা কাপুরের প্রেমের শুরু। পাঁচ বছর একসঙ্গে থাকার পর ২০১২ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে রয়েছে দুই পুত্র—তৈমুর আলী খান (জন্ম ২০১৬) ও জাহাঙ্গীর আলী খান (জন্ম ২০২১)।