বড়দিন উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেবের নতুন সিনেমা ‘প্রজাপতি ২’। বিশেষ এই দিনেই ছিল দেবের জন্মদিন। সিনেমা মুক্তির ব্যস্ততা শেষে জন্মদিনের সন্ধ্যায় প্রিয় মানুষ রুক্মিণী মৈত্রের সঙ্গে সময় কাটাতে দেখা যায় অভিনেতাকে।
জন্মদিনের মুহূর্তের কিছু ছবি শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন রুক্মিণী। ছবিতে কালো পোশাকে দেবের পাশে দেখা যায় তাঁকে। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘মেগাস্টার বা সুপারস্টার নয়, শুধুই ভালোবাসা। সূর্য, পৃথিবী, চন্দ্র—সব কিছু ছুঁতে পারো। তোমার আগামীর জন্য অনেক শুভকামনা।’
তবে জন্মদিনে দেবকে রুক্মিণী কী উপহার দিয়েছেন, সে বিষয়ে প্রকাশ্যে কিছু জানাননি দুজনের কেউই। এ প্রসঙ্গে জানতে চাইলে দেব হাসতে হাসতে বলেন, ‘সবটাই কি বলতে হবে? এটা না হয় গোপনই থাক।’
দীর্ঘদিন ধরেই দেব ও রুক্মিণীর সম্পর্ক নিয়ে আলোচনা চলছে টলিপাড়ায়। একসঙ্গে নানা অনুষ্ঠানে উপস্থিত হলেও বিয়ে নিয়ে এখনো স্পষ্ট কোনো ঘোষণা দেননি এই তারকা জুটি। তবে দেব জানিয়েছেন, সঠিক সময় এলে তিনি অবশ্যই বিয়ের সিদ্ধান্ত নেবেন—এ বিষয়ে রুক্মিণীর মতও একই।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন দেব ও রুক্মিণী। পর্দার রসায়নের পাশাপাশি বাস্তব জীবনের সম্পর্ক নিয়েও দর্শকদের আগ্রহ কম নয় বলে মনে করছেন টলিউড সংশ্লিষ্টরা।
