ওপার বাংলার বিনোদন জগতে সাহস ও আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি স্বস্তিকা মুখার্জি। বিতর্ক, কটাক্ষ কিংবা ট্রল—সবকিছুকে উপেক্ষা করেই নিজের মতো করে চলেন এই অভিনেত্রী। খোলামেলা উপস্থিতি নিয়ে বারবার আলোচনায় এলেও, নিজের শর্তেই নিজেকে তুলে ধরতে ভালোবাসেন তিনি।
সম্প্রতি বিকিনি লুকে ছবি প্রকাশ করে নেটদুনিয়ায় ঝড় তুলেছিলেন স্বস্তিকা। সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই এবার একেবারে ভিন্ন লুকে ধরা দিলেন তিনি। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কয়েকটি ছবি শেয়ার করেন অভিনেত্রী। ছবিতে দেখা যায়, হালকা ধূসর রঙের নকশা করা শাড়িতে স্নিগ্ধ অথচ আধুনিক লুকে হাজির হয়েছেন তিনি। ক্যাপশনে স্বস্তিকা লেখেন, ‘একটু উষ্ণতার জন্য।’
এই ছবিগুলো প্রকাশের পরই অনুরাগীদের প্রশংসায় ভরে ওঠে মন্তব্যের ঘর। যদিও সোশ্যাল মিডিয়ায় ট্রল নতুন কিছু নয় তার জন্য। এ বিষয়ে আগেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন স্বস্তিকা। একবার তিনি লিখেছিলেন, ‘জেঠুমার্কা লোকজন এসে আমাকে বুড়ি বলবে। যারা কচি বয়সে নির্লজ্জ, তারা বুড়ি হয়েও নির্লজ্জ থাকবে।’ এই মন্তব্যেই স্পষ্ট, কটাক্ষে বিশেষ গুরুত্ব দেন না তিনি।
৪৫ বছর বয়সী টালিউড অভিনেত্রী পর্দার বাইরেও পোশাক নির্বাচনে বরাবরই সাহসী। শাড়ি হোক বা পাশ্চাত্য পোশাক—সব ধরনের স্টাইলেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। খোলামেলা পোশাকের কারণে মাঝেমধ্যে সমালোচনার মুখে পড়লেও, আত্মবিশ্বাস আর ব্যক্তিস্বাতন্ত্র্য দিয়েই নিজের অবস্থান বজায় রাখছেন স্বস্তিকা মুখার্জি।
