ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের হঠাৎ অবসরের ঘোষণায় হতবাক হয়ে পড়েন তার ভক্ত ও শ্রোতারা। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জের এই শিল্পী গত এক দশকে ‘তুম হি হো’, ‘চান্না মেরেয়া’ ও ‘কেশরিয়া’র মতো অসংখ্য জনপ্রিয় ও স্মরণীয় গান উপহার দিয়েছেন।
প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ালেও তিনি কি ভবিষ্যতে একক সংগীত প্রজেক্ট বা কনসার্টে যুক্ত থাকবেন—এ নিয়ে ভক্তদের মধ্যে এখনো কৌতূহল রয়েছে।
কয়েক দিন আগে সিনেমার গানে আর কাজ না করার ঘোষণা দেন অরিজিৎ। এরই মধ্যে সংবাদমাধ্যমে গুঞ্জন উঠেছে, তিনি নাকি রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
অরিজিৎ ঘনিষ্ঠ ও পশ্চিমবঙ্গের কিছু সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, তিনি শুধু রাজনীতিতে যুক্তই হবেন না, বরং নিজের একটি রাজনৈতিক দল গঠনের বিষয়েও ভাবছেন। আরও দাবি করা হয়েছে, সিনেমার গান থেকে সরে যাওয়ার সিদ্ধান্তটি তার এই নতুন পথে এগোতে সহায়ক হবে।
এদিকে জানা গেছে, অরিজিৎ প্রথমে তৃণমূল পর্যায়ে কাজ শুরু করবেন এবং পরে নির্বাচনী রাজনীতিতে সক্রিয় হওয়ার পরিকল্পনা রয়েছে। তবে ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন না বলেও শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত অরিজিৎ সিংয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি।
উল্লেখ্য, মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে অরিজিৎ সিং প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। সেখানে তিনি লেখেন, “শ্রোতা হিসেবে এত বছর আপনারা যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। জানাতে চাই— প্লেব্যাক গায়ক হিসেবে আমি আর কোনো নতুন কাজ করছি না। এখানেই ইতি টানছি।”
