বাড়িতে বিয়ে মানেই দৌড়ঝাঁপ, রাত জাগা আর মানসিক চাপ। এই ব্যস্ততার প্রভাব সবচেয়ে আগে পড়ে চোখের তলায়। হঠাৎ করে কালচে ছায়া আর ফোলাভাব দেখলে দুশ্চিন্তা হওয়াই স্বাভাবিক।

হাতে যদি মাত্র তিন দিন সময় থাকে, তবুও সঠিক যত্ন নিলে চোখের তলার কালি অনেকটাই হালকা করা সম্ভব। প্রয়োজন শুধু নিয়ম আর একটু সচেতনতা।

বিশেষজ্ঞদের মতে, চোখের তলার কালি পড়ার প্রধান কারণ হলো ক্লান্তি, মানসিক চাপ ও ঘুমের অভাব। তাই এই তিন দিনে প্রতিদিন অন্তত সাত ঘণ্টা ঘুমানোই প্রথম শর্ত। রাতে শোবার আগে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর শসা বা আলুর পাতলা স্লাইস ১০ থেকে ১৫ মিনিট চোখের ওপর রাখুন।

এতে রক্তনালি সঙ্কুচিত হয়, ফলে কালচে ভাব ও ফোলাভাব কমে আসে। চাইলে ঠান্ডা গ্রিন টি ব্যাগও ব্যবহার করতে পারেন। এর অ্যান্টি-অক্সিডেন্ট চোখের ত্বককে শান্ত করে এবং রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে।

চোখের নিচের ত্বক খুবই পাতলা ও সংবেদনশীল। আর্দ্রতার অভাব হলে এখানে কালি আরও স্পষ্ট হয়ে ওঠে। তাই রাতে অল্প অ্যালোভেরা জেল বা বিশুদ্ধ বাদাম তেল আঙুলে নিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। বেশি চাপ দেবেন না। পাশাপাশি পানি বেশি করে পান করুন, কারণ ডিহাইড্রেশন চোখের তলার কালচে ভাব বাড়িয়ে দিতে পারে। লবণযুক্ত খাবার কম খাওয়াই ভালো, না হলে শরীরে পানি জমে চোখ ফোলার আশঙ্কা থাকে।

বিয়ের আগের শেষ দিনে ত্বককে ফ্রেশ ও উজ্জ্বল দেখানোই মূল লক্ষ্য। আগে থেকেই একটি চামচ ফ্রিজে রেখে দিন। সকালে উঠে সেটি চোখের নিচে আলতো করে চেপে ধরুন। এতে দ্রুত ফোলাভাব কমে যাবে। এরপর ভিটামিন ‘ই’ ক্যাপসুল কেটে সামান্য তেল চোখের তলায় লাগালে ত্বক নরম ও উজ্জ্বল দেখায়। বাইরে বের হলে সানগ্লাস ব্যবহার করুন, কারণ সূর্যের আলোও চোখের তলার কালির অন্যতম কারণ।

সবশেষে এই কয়েক দিনে তেল-মসলা ও অতিরিক্ত চিনিজাতীয় খাবার এড়িয়ে চলুন। খাদ্যতালিকায় রাখুন পালংশাক, শসা, মৌসুমি ফল ও বাদাম। ক্যাফিন ও দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা কমান। মানসিক চাপ কমানোর চেষ্টা করুন।

মনে রাখবেন, চোখের তলার কালি শুধু ত্বকের সমস্যা নয়, এটি শরীরের ক্লান্তিরও প্রতিফলন। একটু বিশ্রাম আর যত্নই আপনাকে বিয়ের দিনে আরও ফ্রেশ ও আত্মবিশ্বাসী করে তুলবে।