লম্বা মানুষকে দেখলে সাধারণত প্রশংসাই বেশি শোনা যায়। ভিড়ের মধ্যে আলাদা করে চোখে পড়া, ওপরের তাক থেকে সহজেই জিনিস নামানো কিংবা কিছু খেলাধুলায় বাড়তি সুবিধা—সব মিলিয়ে উচ্চতাকে আমরা বেশিরভাগ সময়ই ইতিবাচক হিসেবেই দেখি। তবে বিভিন্ন গবেষণা বলছে, উচ্চতার সঙ্গে সঙ্গে শরীরের ওপর কিছু বাড়তি চাপ তৈরি হয়, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে।
ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথসহ একাধিক গবেষণায় দেখা গেছে, লম্বা মানুষের ক্ষেত্রে হৃদরোগ, অস্থিসন্ধির সমস্যা এবং মেরুদণ্ডজনিত জটিলতার সঙ্গে উচ্চতার একটি সম্পর্ক রয়েছে। নিচে লম্বা মানুষের মধ্যে বেশি দেখা যায় এমন পাঁচটি স্বাস্থ্যসমস্যা তুলে ধরা হলো—
১. হৃদযন্ত্রের ওপর অতিরিক্ত চাপ
লম্বা মানুষের শরীর ও রক্তনালি সাধারণত দীর্ঘ হওয়ায় হৃদযন্ত্রকে রক্ত পাম্প করতে তুলনামূলক বেশি দূরত্ব অতিক্রম করতে হয়। ইউরোপিয়ান জার্নাল অব মেডিকেল রিসার্চের তথ্য অনুযায়ী, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ও ভেনাস থ্রম্বোএম্বোলিজমের মতো কিছু হার্ট–সংক্রান্ত সমস্যার ঝুঁকি তাদের মধ্যে কিছুটা বেশি দেখা যায়। তবে নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখলে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
২. হাঁটু, কোমর ও পিঠের ব্যথা
উচ্চতার সঙ্গে সঙ্গে শরীরের ওজন ও নড়াচড়ার চাপ পড়ে হাঁটু, কোমর ও মেরুদণ্ডে। সময়ের সঙ্গে এই অতিরিক্ত চাপ জয়েন্ট ক্ষয়, আগেভাগে আর্থ্রাইটিস এবং দীর্ঘস্থায়ী পিঠের ব্যথার কারণ হতে পারে।
৩. শ্বাসপ্রশ্বাসে অসুবিধা
অনেকে মনে করেন, লম্বা মানুষের ফুসফুস বড় হওয়ায় শ্বাস নেওয়ার ক্ষমতাও বেশি। বাস্তবে ভুল ভঙ্গিতে বসা বা কুঁজো হয়ে হাঁটার অভ্যাস বুকের স্বাভাবিক প্রসারণে বাধা সৃষ্টি করে। ফলে ফুসফুস সুস্থ থাকলেও শারীরিক পরিশ্রমের সময় শ্বাস নিতে কষ্ট হতে পারে।
৪. খেলাধুলায় চোটের ঝুঁকি
দীর্ঘ হাত-পা খেলাধুলায় যেমন সুবিধা দেয়, তেমনি চোটের আশঙ্কাও বাড়ায়। হঠাৎ দৌড়, লাফ বা মোচড়ের সময় হাঁটু ও গোড়ালির লিগামেন্টে অতিরিক্ত চাপ পড়ে। তাই লম্বা খেলোয়াড়দের মধ্যে লিগামেন্ট ইনজুরি, মাংসপেশির টান ও জয়েন্টের চোট তুলনামূলক বেশি দেখা যায়।
৫. মেরুদণ্ডের ডিস্ক ক্ষয় ও দীর্ঘস্থায়ী ব্যথা
লম্বা মানুষের মেরুদণ্ড সাধারণত দীর্ঘ হওয়ায় সেটিকে বহন করতে হয় বেশি ওজন। দীর্ঘ সময় বসে কাজ করা বা ভুল ভঙ্গিতে মোবাইল ও ল্যাপটপ ব্যবহারের ফলে মেরুদণ্ডের মাঝের ডিস্কে চাপ বাড়ে। এতে ডিস্কের ক্ষয়, নার্ভ–সংক্রান্ত সমস্যা ও দীর্ঘমেয়াদি পিঠের ব্যথা দেখা দিতে পারে।
উচ্চতা নিঃসন্দেহে একটি আশীর্বাদ, তবে শরীরের যত্ন না নিলে সেটিই একসময় বোঝা হয়ে উঠতে পারে। তাই বিশেষজ্ঞরা সঠিক ভঙ্গিতে বসা ও হাঁটা, নিয়মিত কোর স্ট্রেন্থ ব্যায়াম এবং জয়েন্ট ও পিঠের যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন।
