শীত এলেই দিনের শুরুটা অনেকের কাছেই বেশ কষ্টকর হয়ে ওঠে। ঘুম থেকে উঠে ঠান্ডা বাতাসের স্পর্শে শরীর যেন জমে যায়। এমন সময় গরম পানির গোসল শরীরে উষ্ণতা এনে দেয়, মনকে আরাম দেয় এবং সকালটাকে কিছুটা উপভোগ্য করে তোলে।

বিশেষ করে যারা বাইরে কাজ করেন বা দীর্ঘ সময় ঠান্ডার মধ্যে থাকতে হয়, তাদের কাছে গরম পানির গোসল এক ধরনের স্বস্তি। তবে এই আরামের আড়ালেই লুকিয়ে থাকতে পারে কিছু স্বাস্থ্যঝুঁকি। অনেকেই জানেন না, অতিরিক্ত গরম পানি ব্যবহার করলে ত্বক ও শরীরের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

তাই শীতকালে গরম পানিতে গোসল করা আসলেই কতটা উপকারী, আর কোথায় সতর্ক হওয়া প্রয়োজন—এই প্রশ্নের উত্তর জানা জরুরি।

গরম পানির গোসলের উপকারিতা
শরীর উষ্ণ রাখে:
ঠান্ডার কারণে সৃষ্ট অস্বস্তি কমাতে গরম পানি দ্রুত শরীরকে গরম করে।
মাংসপেশির ব্যথা কমায়: গরম পানিতে রক্ত সঞ্চালন বাড়ে, ফলে ব্যথা ও জড়তা হ্রাস পায়।
মানসিক প্রশান্তি দেয়: উষ্ণ পানি মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং শরীরকে রিল্যাক্স করে।

গরম পানির গোসলের ক্ষতিকর দিক
ত্বক শুষ্ক হয়ে যায়: খুব গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করে, ফলে ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে পড়ে।
চুলের ক্ষতি হতে পারে: অতিরিক্ত গরম পানি চুলের কিউটিকল দুর্বল করে, যার ফলে চুল ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ে।
হৃদরোগীদের জন্য ঝুঁকি: যাদের হৃদ্‌রোগ আছে, তাদের ক্ষেত্রে খুব গরম পানিতে গোসল করা বিপজ্জনক হতে পারে।

সব মিলিয়ে, শীতকালে গরম পানির গোসল আরামদায়ক হলেও অতিরিক্ত গরম পানি ব্যবহার না করাই ভালো। মাঝারি উষ্ণতার পানি সবচেয়ে নিরাপদ। এতে আরামও পাওয়া যাবে, আবার ত্বক, চুল ও স্বাস্থ্যের সুরক্ষাও বজায় থাকবে।