ঘরে শাকসবজি না থাকলে আমরা অনেক সময় সহজ কিছু রান্না করেই খেয়ে নিই। ডিম, আলু, বেগুন কিংবা পটোল— এসবই তখন ভরসা। তবে সেদ্ধ করতে গিয়ে অনেক সময় দেখা যায়, সবজি ঠিকমতো সিদ্ধ হয়নি বা অতিরিক্ত গলে গেছে। এতে খাবারের স্বাদ যেমন নষ্ট হয়, তেমনি রান্নার মানও কমে যায়।

তাই কোন উপাদান কীভাবে সেদ্ধ করলে সবচেয়ে ভালো হবে, তা জানা জরুরি। রান্না শুধু প্রয়োজন মেটানোর বিষয় নয়, এটি এক ধরনের শিল্পও। সঠিক লবণ ও মসলা দেওয়ার পাশাপাশি উপকরণ ফোটানোর কৌশল জানলে খাবারের স্বাদ আরও বেড়ে যায়। অনেক সময় অতিরিক্ত মসলা বা লবণ দেওয়ার কারণে, কিংবা সঠিকভাবে সেদ্ধ না হওয়ার ফলে রান্না প্রত্যাশিত স্বাদ পায় না।

ডিম সেদ্ধ করার সময় অনেকেরই খোসা ফেটে যায় বা কুসুম বেরিয়ে আসে। সাধারণত এটি পানির তাপমাত্রা হঠাৎ পরিবর্তনের কারণে ঘটে। তাই ডিম সেদ্ধ করার আগে ঠান্ডা পানিতে ভিজিয়ে নিয়ে ধীরে ধীরে গরম করতে হবে। এতে খোসা ভাঙার ঝুঁকি কমে যায়।

আলু সেদ্ধ করার ক্ষেত্রেও পানির ধরন গুরুত্বপূর্ণ। আলু সবসময় ঠান্ডা পানিতে দিয়ে গরম করতে হবে। গরম পানিতে দিলে বাইরের অংশ সেদ্ধ হলেও ভেতরটা কাঁচা থেকে যেতে পারে।

সবুজ শাকসবজি সেদ্ধ করার সময় রঙ ও পুষ্টিগুণ ধরে রাখাও জরুরি। এজন্য পানি ফুটে উঠার পরই শাকসবজি দিতে হবে। সেদ্ধ হয়ে গেলে সঙ্গে সঙ্গে ঠান্ডা পানিতে তুলে ফেললে সবুজ রঙ বজায় থাকে।

পাস্তা বা নুডলস সেদ্ধ করার ক্ষেত্রে অবশ্যই ফুটন্ত পানি ব্যবহার করতে হবে। এতে এগুলো একে অপরের সঙ্গে লেগে যায় না। পাশাপাশি পানিতে সামান্য লবণ ও তেল যোগ করলে স্টার্চের কারণে জট বাঁধার সমস্যা কমে যায়।