মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি হলো কিডনি। পর্যাপ্ত পানি না খাওয়া, দীর্ঘ সময় প্রস্রাব চেপে রাখা, অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং দীর্ঘমেয়াদি বিভিন্ন রোগের কারণে বর্তমানে কিডনিজনিত সমস্যার হার ক্রমেই বাড়ছে। চিকিৎসকদের মতে, কিডনি আক্রান্ত হলে শরীরে অতিরিক্ত পানি জমে ফোলাভাব দেখা দেয়।
এ ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত কিডনি পরীক্ষা করানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কিডনি সমস্যার মানে শুধু পাথর জমা নয়, এর সঙ্গে নানা ধরনের সংক্রমণ ও জটিলতাও জড়িত থাকতে পারে।
কিডনি রোগের প্রাথমিক লক্ষণ সাধারণত খুবই সূক্ষ্ম হয়। ফলে অনেকেই শুরুতে বিষয়টি বুঝতে পারেন না। উপসর্গগুলো এতটাই হালকা হয় যে, সহজে ধরা পড়ে না। তাই কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন খাদ্যাভ্যাসে বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।
চিকিৎসকদের বরাত দিয়ে ভারতীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, নিয়মিত কিছু নির্দিষ্ট ফল খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। এসব ফল কিডনির স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে সহায়তা করে।
সাইট্রাস জাতীয় ফল
ভিটামিন সি–সমৃদ্ধ সাইট্রাস গোত্রের ফল কিডনিতে পাথর জমার ঝুঁকি কমায়। নিয়মিত কমলালেবু, আনারস, পাতিলেবু ও স্ট্রবেরি খেলে কিডনি ভালো থাকে। এসব ফলে থাকা অ্যাসিডিক উপাদান ও ভিটামিন সি কিডনিকে সুরক্ষিত রাখতে সাহায্য করে।
বেদানা
কিডনি সুস্থ রাখতে বেদানা অত্যন্ত উপকারী। এতে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট কিডনিকে নানা ধরনের সমস্যা থেকে রক্ষা করে এবং কিডনির কার্যক্ষমতা সচল রাখতে সহায়তা করে। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় বেদানা রাখা জরুরি।
বেরি জাতীয় ফল
স্ট্রবেরি ও ব্লুবেরির মতো বেরি ফলে রয়েছে অক্সালেটসসহ নানা অ্যান্টিঅক্সিড্যান্ট, যা কিডনির সুরক্ষা নিশ্চিত করে। এসব ফল নিয়মিত খেলে কিডনি–সংক্রান্ত বিভিন্ন সমস্যার ঝুঁকি কমে।
বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত পানি পান, সুষম খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যকর জীবনযাপনই কিডনি সুস্থ রাখার মূল চাবিকাঠি। এর সঙ্গে নিয়মিত ফল গ্রহণ কিডনির পাথরসহ বিভিন্ন সমস্যার ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে।
