লন্ডন থেকে দেশে ফেরার পর প্রথমবারের মতো ঢাকার বাইরে সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১১ জানুয়ারি তিনি নিজের জন্মভূমি বগুড়ার উদ্দেশে যাত্রা করবেন। সফরের শুরুতেই তিনি টাঙ্গাইল যাবেন।
বুধবার (৭ জানুয়ারি) বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ১১ জানুয়ারি (সোমবার) সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ঢাকার বাসভবন থেকে সড়কপথে যাত্রা শুরু করবেন তারেক রহমান। দুপুর আনুমানিক ১টার দিকে তিনি টাঙ্গাইলে পৌঁছাবেন। সেখানে তিনি মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করবেন এবং আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন।
দোয়া মাহফিলে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।
ঢাকার বাইরে এটি তারেক রহমানের প্রথম কর্মসূচি হওয়ায় টাঙ্গাইল জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। তার আগমন উপলক্ষে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল অংশজুড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে অভিবাদন জানানোর প্রস্তুতি নিচ্ছেন।
দলীয় সূত্র জানায়, টাঙ্গাইল জেলার মির্জাপুর অংশ থেকেই তাকে বরণ করে নেওয়ার আয়োজন শুরু হবে। পাশাপাশি তার সফরকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে তারেক রহমানের এটি প্রথম জেলা সফর। এ সফরকে কেন্দ্র করে টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সর্বোচ্চ সম্মানের সঙ্গে তাকে সংবর্ধনা জানাতে দলীয়ভাবে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান তিনি।
