গাজীপুরের শ্রীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে শ্রীপুর পৌর শহরের কেওয়া তমিরউদ্দিন আলিম মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং গাজীপুর–৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে যোগদানকারীদের মধ্যে রয়েছেন শ্রীপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজসহ তাঁর অনুসারীরা।

অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে যোগ দেওয়া নেতাকর্মীদের মধ্যে আছেন—গাজীপুর জেলা সংগঠক কল্পনা আক্তার ছোয়া, জেলা সদস্য কাইফাত মোড়ল, ওয়াসিম আকরাম ও শফিকুল ইসলাম। এছাড়া জাতীয় যুব শক্তির নাঈম মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সাদিকুর রহমান, রাসেল মোড়ল, হারুন অর রশিদ শিমুল, রাসেল মিয়া ও মুক্তাও বিএনপিতে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে বক্তব্যে এনসিপির গাজীপুর জেলা সংগঠক কল্পনা আক্তার ছোয়া বলেন, দলের শীর্ষ নেতারা জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে এনসিপির নীতি ও আদর্শকে প্রশ্নবিদ্ধ করেছেন। এ কারণেই তারা এনসিপি ত্যাগ করে বিএনপির রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

নবাগতদের স্বাগত জানিয়ে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, দেশের নেতৃত্ব সংকটের এই সময়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জাতিকে ঐক্যবদ্ধ করতে এগিয়ে যাচ্ছে। একটি সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা রুহুল আমিন, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব মো. বিল্লাল হোসেন ব্যাপারীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।