পাকিস্তান ও ভারত পারস্পরিক চুক্তির আওতায় নিয়মিতভাবে নিজেদের পারমাণবিক স্থাপনা ও সক্ষমতার তালিকা বিনিময় করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসেইন আন্দ্রাবি বৃহস্পতিবার ইসলামাবাদে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। খবর প্রকাশ করেছে জিও নিউজ।

তিনি বলেন, ১৯৮৮ সালের ৩১ ডিসেম্বর স্বাক্ষরিত ‘পারমাণবিক স্থাপনা ও সুবিধার ওপর হামলা নিষিদ্ধকরণ চুক্তি’র বিধান অনুযায়ী দুই দেশ প্রতি বছর এই তালিকা আদান–প্রদান করে থাকে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার পাকিস্তান আনুষ্ঠানিকভাবে তাদের পারমাণবিক স্থাপনার তালিকা ভারতের হাইকমিশনের প্রতিনিধির কাছে হস্তান্তর করেছে।

আন্দ্রাবি আরও জানান, একই সময়ে ভারত সরকারও নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের মাধ্যমে তাদের পারমাণবিক স্থাপনার তালিকা পাকিস্তানের কাছে পাঠিয়েছে।

এ ছাড়া তিনি বলেন, কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে দুই দেশ একে অপরের হেফাজতে থাকা বন্দিদের তালিকাও পরস্পরের সঙ্গে বিনিময় করেছে।

উল্লেখ্য, পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং পারস্পরিক উত্তেজনা কমানোর লক্ষ্যে পাকিস্তান ও ভারতের মধ্যে এই তালিকা বিনিময় ব্যবস্থা দীর্ঘদিন ধরে কার্যকর রয়েছে।