মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। বৈঠকের সময় তিনি ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুই নেতার মধ্যে উচ্চপর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে রয়টার্স। মাচাদো সাংবাদিকদের জানান, ভেনেজুয়েলার জনগণের স্বাধীনতার প্রতি ট্রাম্পের অঙ্গীকারের স্বীকৃতি হিসেবেই তিনি পদকটি দিয়েছেন। তবে ট্রাম্প সেটি গ্রহণ করেছেন কি না, তা স্পষ্ট হয়নি। এর আগে নরওয়ের নোবেল ইনস্টিটিউট জানায়, নোবেল পুরস্কার হস্তান্তর, ভাগ বা প্রত্যাহার করা যায় না—অর্থাৎ সম্মানটি মাচাদোর নামেই থাকবে।
প্রতিবেদনে বলা হয়েছে, এটি ট্রাম্প ও মাচাদোর প্রথম সরাসরি সাক্ষাৎ। প্রায় এক ঘণ্টার মধ্যাহ্নভোজ বৈঠক শেষে মাচাদো ক্যাপিটল হিলে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের কয়েকজন সিনেটরের সঙ্গে বৈঠক করেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, ট্রাম্প এই বৈঠকের জন্য আগ্রহী ছিলেন। তবে তার মতে, স্বল্পমেয়াদে দেশ পরিচালনার জন্য প্রয়োজনীয় রাজনৈতিক সমর্থন মাচাদোর নেই। বর্তমানে মাচাদো ভেনেজুয়েলার বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় রয়েছেন, যাতে ভবিষ্যৎ শাসনব্যবস্থায় নিজের ভূমিকা নিশ্চিত করা যায়।
এদিকে চলতি মাসে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এক অভিযানের পর ভেনেজুয়েলায় গণতান্ত্রিক পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফি বলেন, মাচাদো সিনেটরদের জানিয়েছেন যে দমন-পীড়নের পরিস্থিতি এখনো মাদুরোর সময়ের মতোই রয়ে গেছে এবং সম্ভাব্য নির্বাচনের বিষয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন।
