জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের ওপর সোমবার (২২ ডিসেম্বর) প্রকাশ্যে গুলি চালানোর ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটির তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু। তিনি এক পোস্টে জানান, কিছুক্ষণ আগে মোতালেব শিকদারের ওপর হামলা চালানো হয়েছে এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে হামলার কারণ ও জড়িতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও, বিষয়টি তদন্তে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ ঘটনায় এনসিপির শীর্ষ নেতারা তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।