অন্তর্বর্তী সরকার দেশের সকল নাগরিককে কিছু বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, দৃঢ় ও সতর্ক অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে অন্তর্বর্তী সরকারের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বিবৃতিতে সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সব ধরনের কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দেশের ইতিহাসের এই সংকটময় সময়ে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে। বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে শান্তিপূর্ণ অগ্রযাত্রা ব্যাহত করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

সরকার আরও জানায়, আসন্ন নির্বাচন ও গণভোট কেবল একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, বরং এটি একটি গভীর জাতীয় অঙ্গীকার। এই অঙ্গীকার শহীদ শরিফ ওসমান হাদির আত্মত্যাগের স্মৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তার প্রতি যথাযথ সম্মান জানাতে হলে সংযম, দায়িত্বশীল আচরণ এবং ঘৃণার রাজনীতি প্রত্যাখ্যান করা জরুরি।

বিবৃতিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাতেও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। প্রথম আলো, দ্য ডেইলি স্টার ও নিউ এজ–এর সাংবাদিকদের প্রতি সংহতি জানিয়ে সরকার বলে, সাংবাদিকদের ওপর হামলা মানে সত্যের ওপর আঘাত। এসব ঘটনায় পূর্ণ ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

এ ছাড়া ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সরকার জানায়, নতুন বাংলাদেশে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই এবং অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

সবশেষে বিবৃতিতে দেশের সকল নাগরিককে সহিংসতা, উসকানি ও ঘৃণা প্রত্যাখ্যান করে শান্তি ও মানবিক মূল্যবোধ রক্ষার মাধ্যমে শহীদ হাদির প্রতি সম্মান জানানোর আহ্বান জানানো হয়।