সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি জীবদ্দশায় সাধারণ একটি কফিনে আল্লাহর দরবারে হাজির হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন। ‘সাধারণ একটা কফিনে হাসিমুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হবো’—এমনই একটি আবেগঘন স্ট্যাটাস পাওয়া গেছে তার ভেরিফায়েড ফেসবুক পেজে।

১৯ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে দেওয়া ওই পোস্টে একটি কফিনের ছবি সংযুক্ত ছিল। পোস্টটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

পোস্টে তিনি লিখেছিলেন, “হারাম খাইয়া আমি এত মোটাতাজা হই নাই, যাতে আমার স্পেশাল কফিন লাগবে! খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসিমুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হবো।”

পোস্ট দেওয়ার এক ঘণ্টার মধ্যেই এতে প্রায় ১ লাখ ৯৭ হাজার রিঅ্যাক্ট, ৯ হাজার কমেন্ট এবং ২৬ হাজার শেয়ার পড়ে। অসংখ্য নেটিজেন তাদের টাইমলাইনে পোস্টটি শেয়ার করে হাদির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নির্বাচনি প্রচারণা শেষে রিকশায় করে ফেরার পথে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, পরে সেদিনই এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় তিনি মৃত্যুবরণ করেন।