জিন্সের প্যান্টের সামনে ছোট পকেট। সংগৃহীত ছবি

আমরা অনেকেই লক্ষ্য করেছি, জিন্স প্যান্টের সামনের পকেটের ওপরের দিকে একটি ছোট অতিরিক্ত পকেট থাকে। কেউ কেউ এতে খুচরা পয়সা বা ছোটখাটো জিনিস রাখেন।

অনেকেই একে ‘কয়েন পকেট’ বলে থাকেন। তবে আকারে খুব ছোট হওয়ায় বেশির ভাগ মানুষই এই পকেটটি তেমন ব্যবহার করেন না।

তাহলে প্রশ্ন ওঠে—এই ছোট পকেট রাখার কারণ কী?

ইতিহাস ঘেঁটে জানা যায়, আঠারো শতকের দিকে পাশ্চাত্যে কাউবয় বা রাখালরা জিন্স প্যান্ট পরতেন এবং সে সময় চেইনযুক্ত পকেট ঘড়ির ব্যবহার ছিল খুবই জনপ্রিয়। সাধারণত এসব ঘড়ি ওয়েস্টকোটে রাখা হতো। কিন্তু কাজের সময় এতে ঘড়ি ভেঙে যাওয়ার ঝুঁকি থাকত।

এই সমস্যার সমাধান হিসেবেই জিন্স প্যান্টে ছোট এই পকেটের প্রচলন শুরু হয়। কোমরের বেল্টের সঙ্গে ঝুলিয়ে চেইনযুক্ত ঘড়ি নিরাপদে রাখার জন্যই বিশেষভাবে এই পকেটটি তৈরি করা হয়েছিল। এতে ঘড়ি সুরক্ষিত থাকত এবং কাজের সময় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও কমে যেত।

সময়ের সঙ্গে সঙ্গে পকেট ঘড়ির ব্যবহার প্রায় বিলুপ্ত হয়ে গেলেও ঐতিহ্যের অংশ হিসেবে আজও জিন্স প্যান্টে এই ছোট পকেটটি রাখা হচ্ছে।