কাগজের কাপে চা-কফি

বর্তমানে চা–কফি পরিবেশনে বহু দোকানেই কাগজের কাপ ব্যবহার করা হচ্ছে। দেখতে স্বাস্থ্যকর মনে হলেও চিকিৎসকদের মতে, এই কাপ ব্যবহারের পেছনে রয়েছে স্বাস্থ্যঝুঁকি।

কাগজের কাপ কেন ক্ষতিকর?
মাইক্রোপ্লাস্টিক এখন আমাদের চারপাশেই ছড়িয়ে পড়েছে। প্লাস্টিক ব্যবহার কমানোর চেষ্টা চললেও বাস্তবে খাবার ও দৈনন্দিন ব্যবহারের নানা সামগ্রীতেই এর উপস্থিতি রয়ে গেছে।

কাগজের কাপও এর ব্যতিক্রম নয়। এসব কাপের ভেতরে পানিনিরোধক একটি পাতলা আবরণ থাকে, যা মূলত পলিথিন নামের প্লাস্টিক দিয়ে তৈরি।

চিকিৎসকদের ভাষ্য, চা বা কফির মতো গরম পানীয় ঢাললে উচ্চ তাপমাত্রার প্রভাবে এই প্লাস্টিক স্তর থেকে অতি সূক্ষ্ম মাইক্রোপ্লাস্টিক পানীয়ের সঙ্গে মিশে যেতে পারে। গবেষণা অনুযায়ী, গরম তরলের সংস্পর্শে এ ধরনের কাপ থেকে ২৫ হাজার মাইক্রনেরও ক্ষুদ্র প্লাস্টিক কণা পানীয়ের মধ্যে চলে আসে, যা পরে শরীরে প্রবেশের ঝুঁকি তৈরি করে।

কী হতে পারে বিকল্প?
গরম পানীয়ের জন্য সবচেয়ে নিরাপদ বিকল্প হলো কাচ বা স্টেইনলেস স্টিলের কাপ। এসব পাত্রে কোনো প্লাস্টিক আবরণ থাকে না এবং পানীয়ের তাপমাত্রাও তুলনামূলকভাবে বেশি সময় ধরে রাখা যায়।

চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, বাড়ি কিংবা বাইরে গরম চা–কফি পান করার সময় সম্ভব হলে নিজের কাপ সঙ্গে রাখার। এতে মাইক্রোপ্লাস্টিকসহ নানা ধরনের দূষণের ঝুঁকি এড়ানো সম্ভব।