সিরিয়ার জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী হুদা শারাউইকে হত্যার ঘটনা দেশটিতে আলোড়ন সৃষ্টি করেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই দিন ভোর ৫টা থেকে ৬টার মধ্যেই তাকে হত্যা করা হয়।

ষাটের দশকে বড় পর্দায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও মূলত ছোটপর্দার অভিনেত্রী হিসেবেই তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। দীর্ঘ অভিনয়জীবনে দুবার সিরীয় শিল্পী সমিতির সেরা অভিনেত্রীর সম্মাননা পান হুদা শারাউই।

১৯৩৮ সালে জন্ম নেওয়া এই অভিনেত্রী মাত্র ৯ বছর বয়স থেকেই বিনোদন জগতে যুক্ত হন। সিরিয়ার রেডিও প্রোগ্রাম, বিশেষ করে ‘দ্য রুল অব জাস্টিস’-এ অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘বাব আল হারা’, ‘আহল এল রায়া’, ‘আহলাম আবু এল হানা’, ‘আইয়্যাম শামিয়া’, ‘আইলাত সাবাত নুজুম’ এবং ‘কিল্লাত জাওক ওয়া কাথরাত গালাবা’সহ একাধিক জনপ্রিয় প্রজেক্ট।

সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-ওয়াতানের তথ্য অনুযায়ী, এই মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রধান সন্দেহভাজন হিসেবে অভিনেত্রীর গৃহকর্মীর নাম উঠে এসেছে, যিনি ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

এ ঘটনায় সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী তদন্ত শুরু করেছে এবং মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে।