আপনি একটু চোখের আড়াল হলেই শিশুসন্তান দাঁত দিয়ে নখ কাটে। বকাঝকা, ধমক কিংবা শাসন করেও যখন এই অভ্যাস বদলানো যায় না, তখন অনেক অভিভাবকই দিশেহারা হয়ে পড়েন। তবে মনোবিদদের মতে, শুধু শাসন নয়—সঠিকভাবে বোঝাতে পারলেই এই বদভ্যাস থেকে শিশুকে সহজে দূরে রাখা সম্ভব।

শিশুদের মুখে আঙুল বা নখ নিয়ে খেলা অনেক সময় সহজাত আচরণ হিসেবেই দেখা যায়। পড়তে বসে, টিভি দেখতে কিংবা খেলতে খেলতে তারা মুখে আঙুল পুরে রাখে। আবার কেউ কেউ বাবা–মায়ের চোখের আড়াল হলেই দাঁত দিয়ে নখ বা নখের চারপাশের চামড়া কেটে ফেলে। এতে জীবাণু মুখে ঢুকে প্রায়ই পেটের অসুখসহ নানা স্বাস্থ্যসমস্যা দেখা দিতে পারে।

মনোবিদরা জানান, দাঁত দিয়ে নখ কাটা একটি ‘নার্ভাস হ্যাবিট’। জীবনের যে কোনো পর্যায়েই এই অভ্যাস তৈরি হতে পারে এবং অনেক সময় বড় বয়সেও তা থেকে যায়। একাকীত্ব, দুশ্চিন্তা, মানসিক চাপ বা অবসাদ থেকেও এমন আচরণ দেখা দিতে পারে। তাই শিশুর এই বদভ্যাসের পেছনে কোনো মানসিক অস্বস্তি বা পারিবারিক সম্পর্কজনিত সমস্যা আছে কি না, সেটিও খতিয়ে দেখা জরুরি।

শিশুর দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস ছাড়াতে যা করবেন—

১. পরিস্থিতি শনাক্ত করুন
কোন সময়ে বা কোন পরিস্থিতিতে আপনার সন্তান নখ কাটে, তা লক্ষ্য করুন। সেই সময় তাকে অন্য কোনো কাজে ব্যস্ত রাখার চেষ্টা করুন।

২. নিয়মিত নখ কেটে দিন
শিশুর নখ দ্রুত বড় হলে সপ্তাহে অন্তত একবার কেটে দিন। নখ ছোট থাকলে দাঁত দিয়ে কাটার সুযোগ কমে যায়।

৩. ক্ষতির কথা বোঝান
নখ কাটার ফলে কী ধরনের শারীরিক সমস্যা বা জীবাণুর ঝুঁকি হতে পারে, তা সহজ ভাষায় শিশুকে বুঝিয়ে বলুন।

৪. তেতো স্বাদ ব্যবহার করুন
নখে হালকা তেতো কিছু লাগালে শিশুরা মুখে নিতে চাইবে না, এতে অভ্যাসটি ধীরে ধীরে কমতে পারে।

৫. প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন
সহজ পদ্ধতিতে কাজ না হলে শিশু বিশেষজ্ঞ বা মনোবিদের সাহায্য নেওয়া ভালো।

সঠিকভাবে বোঝানো ও সহানুভূতিশীল আচরণই শিশুর এই বদভ্যাস দূর করার সবচেয়ে কার্যকর উপায় বলে মনে করেন বিশেষজ্ঞরা।