কয়েক বছর বিরতির পর আবারও বড় পর্দায় ফিরেছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। সম্প্রতি তার অভিনীত সিনেমা ‘মারদানি ৩’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। যদিও এখন আর নিয়মিতভাবে ক্যামেরার সামনে দেখা যায় না তাকে, তবে এক সময় শাহরুখ খান–রানি মুখার্জি জুটি মানেই ছিল সুপারহিটের নিশ্চয়তা।
‘মারদানি ৩’ ছবির প্রচারণা চলাকালে রানি জানান, তিনি সত্যিই শাহরুখ খানের সঙ্গে পর্দার রোম্যান্স ভীষণ উপভোগ করেন।
সম্প্রতি টাইমস নাউ-কে দেওয়া এক সাক্ষাৎকারে রানি বলেন, “শাহরুখ খানের সঙ্গে থাকতে আমি সব সময় ভালোবাসি। ওর সঙ্গে পর্দায় প্রেম করতে ভালো লাগে, কারণ ওর মধ্যে অন্যদের প্রতি এক অনন্য ভালোবাসা রয়েছে। ওর আশপাশে যারা থাকেন, তারা সবাই মনে করেন—শাহরুখ তাদের খুব ভালোবাসেন।”
এসময় শাহরুখ খানের চোখের সৌন্দর্যেরও প্রশংসা করেন রানি।
শুধু শাহরুখই নয়, আমির খানের সঙ্গেও কাজ করতে তিনি দারুণ উপভোগ করেন বলে জানান অভিনেত্রী। রানীর ভাষায়, এই দুই অভিনেতাই তাকে নিজের মতো থাকতে দেন।
আমির খান সম্পর্কে তিনি বলেন,
“আমার মনে হয়, আমার প্রতি ওর ভালোবাসার কারণ হলো—ও আমাকে ১৭ বছর বয়স থেকে দেখেছে। একটা ছোট মেয়ে থেকে একজন যুবতী, একজন নারী, একজন মা হয়ে ওঠার পুরো যাত্রার সাক্ষী ও।”
উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই মুক্তি পেয়েছে রানি মুখার্জির ‘মারদানি ৩’। এর আগে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল তাকে।
