শায়েস্তাগঞ্জ থানার ওসিকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জের শায়েস্তানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাহদী হাসান হবিগঞ্জ সদর উপজেলার বাধই গ্রামের বাসিন্দা এবং মাওলানা আবু তয়বের ছেলে।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় উপস্থিত হয়ে মাহদী হাসান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে তিনি নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা দাবি করে থানায় বসেই হুমকিমূলক বক্তব্য দেন। এ সময় তিনি ‘থানা পুড়িয়ে দেওয়া’ এবং এক পুলিশ কর্মকর্তাকে আগুনে পুড়িয়ে দেওয়ার মতো সহিংস ঘটনার কথা উল্লেখ করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে মাহদী হাসানকে বলতে শোনা যায়, আন্দোলনের মাধ্যমে সরকার সংস্কার করা হয়েছে এবং প্রশাসনে তাদের লোক রয়েছে—এমন দাবি করে তিনি ওসিকে হুমকি দেন।
এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি মাহদী হাসানকে কারণ দর্শানোর নোটিশ দেয়। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে সংগঠনের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়। শনিবার দুপুরে সংগঠনের ফেসবুক পেজে প্রকাশিত নোটিশে বলা হয়, তার বক্তব্য সংগঠনের আদর্শের পরিপন্থী এবং জনপরিসরে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না—সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন বিষয়টি নিশ্চিত করে জানান, শায়েস্তাগঞ্জ থানার ওসিকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগে মাহদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
