মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব জয়ের মাধ্যমে বিনোদনজগতে যাত্রা শুরু করেন। র‍্যাম্প মডেলিংয়ের পাশাপাশি রুপালি পর্দায় ‘চোরাবালি’ চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। পেশাগত কাজের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় এই তারকা।

নতুন বছরের শুরুতে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে এক আবেগঘন বার্তা শেয়ার করেছেন পিয়া। ফেসবুকে দেওয়া সেই পোস্টে তিনি বিদায়ী বছরের নানা ঘটনা ও ব্যক্তিগত চড়াই-উতরাইয়ের কথা তুলে ধরেন।

পিয়া লেখেন, “নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। বিগত বছরের জন্য আমি কৃতজ্ঞ। বছরটি অনেক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গেছে, যার মধ্যে আমার বাবার মৃত্যু ছিল সবচেয়ে বড় শোক।”

একই সঙ্গে জীবনের ইতিবাচক দিকগুলোর কথাও স্মরণ করেন তিনি। তার ভাষায়, “তবুও আলহামদুলিল্লাহ, আমরা কৃতজ্ঞ থাকতে পেরেছি। কারণ আমরা আমাদের সন্তান, নিজেদের এবং আমাদের চারপাশের কিছু মানুষ ও পশুপাখির জন্য কিছু করতে পেরেছি। মহান আল্লাহর কাছে এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই।”

পোস্টের শেষাংশে নতুন যাত্রাপথে ভক্তদের ভালোবাসা ও দোয়া কামনা করে তিনি লিখেছেন, “আমাদের জন্য দোয়া করবেন।”

উল্লেখ্য, শোবিজ অঙ্গনের পাশাপাশি আইন পেশাতেও যুক্ত পিয়া জান্নাতুল। তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সঙ্গে কাজ করেছেন।