আইপিএলের মেগা নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার পর থেকেই বিতর্কে জড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। শাহরুখ খানের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজির সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা।

এরই ধারাবাহিকতায় এবার বলিউড তারকাকে সরাসরি আক্রমণের মুখে ফেলেছেন ভারতের উত্তরপ্রদেশের কট্টরপন্থি বিজেপি নেতা সংগীত সোম।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, মোস্তাফিজুর রহমানকে মোটা অঙ্কের বিনিময়ে দলে ভেড়ানোয় কেকেআরের কর্ণধার শাহরুখ খানের প্রতি ক্ষোভ প্রকাশ করেন সংগীত সোম। তিনি শাহরুখ খানকে ‘গাদ্দার’ বা দেশদ্রোহী আখ্যা দিয়ে বলেন, মোস্তাফিজের মতো খেলোয়াড়রা যদি ভারতে খেলতে আসেন, তবে তারা বিমানবন্দরের বাইরে পা রাখতে পারবেন না—এটি তার প্রতিজ্ঞা।

সংগীত সোম আরও অভিযোগ করেন, শাহরুখ খান ভারতের অর্থ ব্যবহার করে দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত। তার ভাষ্য অনুযায়ী, এই দেশ থেকে অর্থ উপার্জন করে সেই অর্থ দিয়েই দেশবিরোধী আচরণ করা হচ্ছে। তিনি দাবি করেন, কখনো পাকিস্তানকে আর্থিক সহায়তার কথা শোনা যায়, আবার কখনো মোস্তাফিজের মতো খেলোয়াড় কেনা হচ্ছে—যা আর সহ্য করা হবে না।

এ বিজেপি নেতা বলেন, শাহরুখ খানের মতো ব্যক্তিদের বুঝে নেওয়া উচিত যে দেশদ্রোহিতার জন্য এই দেশে কোনো জায়গা নেই। তিনি আরও মন্তব্য করেন, দেশের মানুষের ভালোবাসার কারণেই শাহরুখ খান আজ এ অবস্থানে পৌঁছেছেন, অথচ এখন তিনি সেই দেশের বিরুদ্ধেই কাজ করছেন বলে অভিযোগ তোলেন সংগীত সোম।

উল্লেখ্য, এর আগেও শাহরুখ খানের রাজনৈতিক অবস্থান ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে বিভিন্ন সময়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে এবার সরাসরি ‘দেশদ্রোহী’ আখ্যা দেওয়ায় বিষয়টি নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।