প্রতিদিন নিয়ম করে হাঁটছেন, কিন্তু ওজন বা ফ্যাট কমার তেমন পরিবর্তন চোখে পড়ছে না—এমন অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। বিশেষজ্ঞদের মতে, সমস্যাটি হাঁটা নয়; বরং প্রয়োজনের তুলনায় কম হাঁটার কারণেই কাঙ্ক্ষিত ফল মিলছে না।
ফ্যাট কমানোর একটি কার্যকর ও টেকসই উপায় হিসেবে হাঁটার গুরুত্ব আবারও তুলে ধরেছেন ফ্যাট লস বিশেষজ্ঞ আঞ্জলি সচান।
সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে তিনি ব্যাখ্যা করেন, কেবল হাঁটার মাধ্যমেই ১ কেজি ফ্যাট ঝরাতে আসলে কতটা সময় ও পরিশ্রম প্রয়োজন।
হাঁটা ও ফ্যাট কমার হিসাব
আঞ্জলি সচানের মতে, শরীরের ১ কেজি ফ্যাটে জমে থাকে প্রায় ৭ হাজার ৭০০ ক্যালোরি। এটি কোনো পানি বা সাময়িক ওজন নয়, বরং প্রকৃত জমে থাকা ফ্যাট। তাই এই ফ্যাট কমাতে সময় লাগে, তবে একবার কমলে তা স্থায়ীভাবেই কমে যায়।
তিনি জানান, গড়ে প্রতি এক হাজার ধাপে হাঁটলে প্রায় ৫০ থেকে ৭০ ক্যালোরি খরচ হয়। হাঁটার সময় শরীরের পেশি সক্রিয় থাকে, ভারসাম্য বজায় থাকে এবং হৃদস্পন্দন বাড়ে বলেই এই ক্যালোরি বার্ন হয়। সেই হিসাবে শুধু হাঁটার মাধ্যমেই ১ কেজি ফ্যাট ঝরাতে প্রায় ১ লাখ ২৮ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার ধাপ হাঁটা প্রয়োজন।
প্রতিদিন কত হাঁটলে মিলবে ফল
সংখ্যাটা শুনতে বেশি মনে হলেও বিষয়টি বাস্তবে সম্ভব বলে জানান এই বিশেষজ্ঞ। তার ভাষ্য অনুযায়ী, কেউ যদি প্রতিদিন ১০ হাজার থেকে ১৫ হাজার ধাপ হাঁটেন, তাহলে প্রায় ১০ থেকে ১২ দিনের মধ্যেই ১ কেজি ফ্যাট কমানো সম্ভব। তবে এই হিসাবের সঙ্গে ডায়েট, অন্যান্য ব্যায়াম বা শরীরের স্বাভাবিক ক্যালোরি খরচ যুক্ত করা হয়নি।
তার মতে, ফ্যাট কমানো কোনো তাৎক্ষণিক ম্যাজিক নয়। নিয়মিত হাঁটার অভ্যাসই ধীরে ধীরে স্থায়ী ফল এনে দেয়।
কেন হাঁটাই কার্যকর
আঞ্জলি সচান জানান, হাঁটা ক্যালোরি খরচ করে ফ্যাট কমাতে সাহায্য করে, কিন্তু ভারী ব্যায়ামের মতো অতিরিক্ত ক্ষুধা বা শরীরের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে না। এটি হরমোন বা মাসিক চক্রে নেতিবাচক প্রভাব ফেলে না এবং শরীরকে অতিরিক্ত ক্লান্তও করে না। বরং মানসিক স্বাস্থ্যের উন্নতিতেও হাঁটার ভূমিকা গুরুত্বপূর্ণ।
বিশেষজ্ঞের পরামর্শ
ফ্যাট লস বিশেষজ্ঞের মতে, ছোট ছোট দৈনন্দিন অভ্যাসই ফ্যাট কমানোর মূল চাবিকাঠি। প্রতিদিন হাঁটাকে যদি নিয়মিত ক্যালোরি খরচের অংশ হিসেবে নেওয়া যায়, তাহলে ধীরে হলেও ফল নিশ্চিত।
সবশেষে তিনি বলেন, ফ্যাট কমানো কোনো জাদুর বিষয় নয়। নিয়মিত হাঁটাকে অভ্যাসে পরিণত করলেই সুস্থ ও কার্যকরভাবে ফ্যাট লস সম্ভব।
