শীতের এই সময়ে অনেকেই কালো পোশাক পরতে পছন্দ করেন, কিন্তু কাঁধে পড়ে থাকা সাদা খুশকির কারণে অস্বস্তিতে পড়ে যান। অনেকে মনে করেন নিয়মিত শ্যাম্পু না করা বা অপরিচ্ছন্নতাই খুশকির মূল কারণ।

কিন্তু চর্মরোগ বিশেষজ্ঞরা বলছেন, খুশকি কোনো সাধারণ সমস্যা নয়—এটি একটি চর্মরোগ, যাকে চিকিৎসা বিজ্ঞানে ‘সেবোরিক ডার্মাটাইটিস’ বলা হয়।

‘জার্নাল অফ ইনভেস্টিগেটিভ ডার্মাটোলজি সিম্পোজিয়াম প্রসিডিংস’-এর তথ্য অনুসারে, বিশ্বের প্রায় অর্ধেক প্রাপ্তবয়স্ক মানুষ এই সমস্যায় ভোগেন। গবেষণায় দেখা গেছে, খুশকি শুধু অপরিচ্ছন্নতার কারণে হয় না—এর পেছনে রয়েছে মাথার ত্বকের সংবেদনশীলতা, হরমোনের ভারসাম্যহীনতা, মানসিক চাপ এবং ডায়েটের প্রভাব। বিশেষ করে স্ট্রেস বা হরমোনের পরিবর্তনের কারণে মাথার ত্বকে অতিরিক্ত তেল নিঃসরণ হয়, যা খুশকি বাড়িয়ে দেয়।

অনেকে খুশকি দূর করতে চুলে নিয়মিত তেল মাখার পরামর্শ দেন। কিন্তু ‘ইন্ডিয়ান জার্নাল অফ ডার্মাটোলজি’-র গবেষণা বলছে, তেল মাখলে সমস্যা আরও বাড়তে পারে। তেল মাথার ত্বকে প্রদাহ বাড়ায় এবং ফাঙ্গাসের সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে চুল পড়া বা জট পাকানোর সমস্যা সৃষ্টি করে। চিকিৎসকরা বলছেন, তেলের বদলে কম ঘনত্বের অ্যান্টি-ফাঙ্গাল সিরাম বা শ্যাম্পু ব্যবহার করা অনেক বেশি কার্যকর।

খুশকির স্থায়ী সমাধানের জন্য শুধু বাহ্যিক চিকিৎসা যথেষ্ট নয়—জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। বিশেষজ্ঞদের পরামর্শ:

  • মানসিক চাপ কমান: যোগা, ধ্যান বা নিয়মিত ব্যায়াম করুন।
  • পর্যাপ্ত ঘুম ও পানি: দিনে ৮-১০ গ্লাস পানি খান এবং ভালো ঘুম নিন।
  • সুষম খাদ্য: জিঙ্ক (যেমন বাদাম, ডাল, মাছ), ভিটামিন বি ও ই সমৃদ্ধ খাবার খান।
  • শীতের যত্ন: শুষ্ক আবহাওয়ায় মাথার ত্বক শুকিয়ে যায়, তাই হাইড্রেটিং শ্যাম্পু ব্যবহার করুন এবং দূষণ থেকে রক্ষা করুন।

শীতে কালো পোশাক পরে সুন্দর দেখতে চান তো খুশকিকে বিদায় করুন সঠিক যত্নে! চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিলে সমস্যা দ্রুত নিয়ন্ত্রণে আসবে।