ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়।
জানা গেছে, তার বাম কানের নিচে গুলি লেগেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক।
এর আগে, ১৩ নভেম্বর, শরিফ ওসমান হাদী অভিযোগ করেছিলেন যে, তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তার মোবাইল নম্বরে বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট বার্তা পাঠানো হয়েছিল। ওই সময় তিনি ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছিলেন, “গত তিন ঘণ্টায় আমার নম্বরে ৩০টি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করা হয়েছে। আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, আমার বাড়িতে আগুন দেওয়া হবে এবং আমার পরিবারকে আক্রমণ করা হবে।”
তিনি আরও লিখেছিলেন, “১৭ তারিখে খুনি হাসিনার রায় হবে। ১৪০০ শহীদের রক্তের ঋণ মেটাতে যদি আমার বাড়ি-ঘর না, আমাকে যদি পুড়িয়ে মারা হয়, তবুও আমি ইনসাফের লড়াই ছাড়ব না, ইনশাআল্লাহ।”
শরিফ ওসমান হাদী তার ফেসবুক পোস্টে আরও উল্লেখ করেন, “এক আবরারকে হত্যা করা হলে, হাজার হাজার আবরার জন্মাবে। এক হাদীকে হত্যা করা হলে, আল্লাহ এই জমিনে লক্ষ হাদী সৃষ্টি করবেন। স্বাধীনতার এই তীব্র স্বর কখনো রুদ্ধ করা যাবে না।”
শেষে তিনি বলেন, “আমি আল্লাহর কাছে সাহস ও শক্তি চাই। আরশওয়ালার কাছে আমি হাসিমুখে শহিদি মৃত্যু চাই।”
তিনি তার পরিবারের সদস্যদের এবং সহযোদ্ধাদের আল্লাহর কাছে সোপর্দ করে জানান, “শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের লড়াই চলবে। হাসবিয়াল্লাহ।”
