লক্ষ্মীপুরে দরজায় তালা লাগিয়ে পেট্রল ঢেলে বিএনপির এক নেতার ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে তার সাত বছর বয়সী এক মেয়ের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে ওই নেতা ও তার আরও দুই মেয়ে গুরুতর দগ্ধ হয়েছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চর পশ্চিম চর মনসা গ্রামে এ ঘটনা ঘটে। আহত বেলাল হোসেন ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক।
ঘটনায় বেলাল হোসেনের মেয়ে আয়েশা আক্তার (৭) আগুনে পুড়ে মারা যায়। এছাড়া বেলাল হোসেন এবং তার দুই মেয়ে সালমা আক্তার (১৬) ও সামিয়া আক্তার (১৪) দগ্ধ হন। বেলালকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং দুই কিশোরীকে গুরুতর অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
বেলালের মা হাজেরা বেগম জানান, দুর্বৃত্তরা টিনশেড ঘরের দুটি দরজায় তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। তিনি বলেন, রাত ১টার দিকে ঘুম ভেঙে জানালা দিয়ে ছেলের ঘরে আগুন জ্বলতে দেখেন। বাইরে এসে দেখেন দুই দরজায় তালা ঝুলছে।
পরে বেলাল তার স্ত্রী ও দুই ছেলে আবির ও হাবিবকে নিয়ে দরজা ভেঙে বের হতে সক্ষম হলেও অন্য কক্ষে থাকা তিন মেয়ে আটকা পড়ে যায়। সালমা ও সামিয়াকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা গেলেও ছোট মেয়ে আয়েশাকে বাঁচানো সম্ভব হয়নি।
বেলালের স্বজন জেসমিন আক্তার বলেন, আগুনের ঘটনা টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস জানান, খবর পেয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং এক শিশুর মরদেহ ও তিনজন দগ্ধ ব্যক্তিকে উদ্ধার করেন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল জানান, রাত ২টার দিকে দগ্ধ অবস্থায় দুই কিশোরী ও তাদের বাবাকে হাসপাতালে আনা হয়। বেলাল হোসেনকে ভর্তি রাখা হয়েছে এবং দুই কিশোরীর শরীরের প্রায় ৫০–৬০ শতাংশ দগ্ধ হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কী কারণে কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
