কুষ্টিয়া সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, অফিস ভবনের পেছনের একটি জানালার কাঁচ ভেঙে ভেতরে আগুন দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসক ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিরাপত্তারক্ষীরা জানান, ঘটনার সময় তারা ভবনের দোতলায় ছিলেন। হঠাৎ ধোঁয়া ও আগুনের গন্ধ পেয়ে নিচে নেমে আগুন দেখতে পান।
জেলা নির্বাচন অফিসের হিসাবরক্ষক মো. আসাদুজ্জামান জানান, যে কক্ষে আগুন দেওয়া হয়েছে সেটি সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোর রুম। সেখানে ভোটারদের বিভিন্ন তথ্য সংরক্ষণ করা থাকে। আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নির্ধারণ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জেলা প্রশাসকও ঘটনাটি দেখেছেন। স্টোর রুমে আগুন লাগার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কীভাবে আগুন লেগেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
