ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাতভর আন্দোলন করেছেন ছাত্র-জনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালেও এই কর্মসূচি অব্যাহত রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শাহবাগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি বাড়ছে এবং স্লোগানে মুখর হয়ে উঠেছে এলাকা।

সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ে গণপরিবহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। মোড় দখল করে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। ছাত্র-জনতা দুই ভাগে বিভক্ত হয়ে ধারাবাহিকভাবে স্লোগান দিচ্ছেন। আন্দোলনে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছেন।

রাজধানীর শান্তিনগর থেকে আন্দোলনে যোগ দেওয়া শরিফুল হাসান বলেন, “এক মাস আগেও এই শাহবাগেই হাদী ভাইয়ের ডাকে আমরা আন্দোলন করেছি। আজ তিনি নেই, তার মৃত্যুর বিচারের দাবিতে আবার রাস্তায় নামতে হচ্ছে। এর চেয়ে দুঃখের কিছু হতে পারে না।”

এ সময় আন্দোলনকারীদের ‘এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার’, ‘এক দুই তিন চার, ইন্টেরিম গদি ছাড়’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘গোলামি না আজাদী, আজাদী-আজাদী’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।