ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্যসচিব ডা. মো. আব্দুল আহাদ এবং ইনকিলাব মঞ্চের সংগঠক ফাতিমা তাসনিম জুমা।

ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আবরার ফাহাদ–আবু সাঈদের কাতারে যুক্ত হলেন ওসমান হাদি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওসমান হাদির আত্মত্যাগ কবুল করুন, তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং জান্নাতের মেহমান বানান।’

এদিকে রাতে নিজেদের ফেসবুক পেজে ইনকিলাব মঞ্চ ওসমান হাদির মৃত্যুর খবর জানায়। পোস্টে বলা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’ একই তথ্য ওসমান হাদির ব্যক্তিগত ফেসবুক পেজেও প্রকাশ করা হয়েছে।