খুলনার আড়ংঘাটা থানার শলুয়া বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক এমদাদুল হক মিলন নিহত হয়েছেন। তিনি আড়ংঘাটা প্রেস ক্লাবের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে শলুয়া বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত এমদাদুল হক মিলন ডুমুরিয়া উপজেলার শলুয়া বাজার এলাকার বজলু রহমানের ছেলে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. রোকনুজ্জামান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, শলুয়া এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন সাংবাদিক মিলন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
খবর পেয়ে আড়ংঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
