দেশজুড়ে শীতের দাপট বেড়েছে। অনেক এলাকায় তাপমাত্রা নেমে গেছে ১১ ডিগ্রি সেলসিয়াসের নিচে। হঠাৎ শীত বাড়ায় বহু মানুষ হাত–পা ঠান্ডা হয়ে যাওয়া, জয়েন্টে ব্যথা, পেশিতে টান বা শক্তভাবের সমস্যায় ভুগছেন।
বিশেষজ্ঞদের মতে, এগুলো শীতের স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া হলেও যাদের আগে থেকেই আর্থ্রাইটিস, গেঁটেবাত বা স্নায়ুর সমস্যা আছে, তাদের ক্ষেত্রে ব্যথা তুলনামূলক বেশি তীব্র হয়।
শীতে ব্যথা বাড়ার কারণ কী?
চিকিৎসাবিজ্ঞান বলছে, ঠান্ডায় শরীরের তাপ ধরে রাখতে রক্তনালী সংকুচিত হয়। ফলে হাত–পা ও শরীরের বিভিন্ন অংশে রক্তপ্রবাহ কমে গিয়ে পেশি শক্ত হয়ে ব্যথা বাড়ে।
একইসঙ্গে জয়েন্টের ভেতরের সিনোভিয়াল ফ্লুইড ঠান্ডায় ঘন হয়ে যায়, এতে জয়েন্টের নড়াচড়া কমে হাঁটু, কোমর, আঙুল ও কাঁধে ব্যথা অনুভূত হয়।
ঠান্ডায় স্নায়ুগুলোও ব্যথার সংকেত বেশি তীব্রভাবে পাঠায়—যার ফলে পুরোনো সমস্যায় ভোগা রোগীদের কষ্ট দ্বিগুণ হতে পারে।
সমাধান কী—চিকিৎসকদের পরামর্শ
ব্যথা নিয়ন্ত্রণে রাখতে শরীর উষ্ণ রাখা সবচেয়ে জরুরি। মোজা, গ্লাভস, থার্মাল পোশাক ও মাথা ঢেকে রাখলে রক্তসঞ্চালন স্বাভাবিক থাকে। ঘরে নিরাপদ দূরত্বে হিটার ব্যবহার বা গরম পানি দিয়ে হাত–পায়ে সেক দেওয়া উপকারী।
প্রতিদিন ১০–২০ মিনিট হালকা ব্যায়াম বা স্ট্রেচিং করলে রক্তপ্রবাহ বাড়ে এবং জয়েন্ট নমনীয় থাকে। শীতেও পর্যাপ্ত পানি পান করা প্রয়োজন, কারণ পানিশূন্যতায় পেশি শক্ত হয়ে ব্যথা বাড়তে পারে।
খাদ্যাভ্যাসে মাছ, ডিম, কলা, বাদাম, ফ্ল্যাক্সসিড রাখার পাশাপাশি অল্প সময় রোদে থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা—এগুলো প্রদাহ কমাতে ও জয়েন্টের স্বাস্থ্যে সহায়ক।
ওষুধ কখন প্রয়োজন?
ব্যথা বেশি হলে প্যারাসিটামল বা চিকিৎসকের পরামর্শে ইবুপ্রোফেন ও ন্যাপ্রক্সেন ব্যবহার করা যেতে পারে। তবে নিজে থেকে অতিরিক্ত ব্যথানাশক সেবন ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করছেন চিকিৎসকেরা।
কখন চিকিৎসকের কাছে যাবেন?
এক সপ্তাহের বেশি ব্যথা স্থায়ী হলে, জয়েন্ট ফুলে বা লাল হয়ে গেলে, জ্বরের সঙ্গে ব্যথা হলে, হাত–পা অসাড় বা দুর্বল হয়ে গেলে, কিংবা আর্থ্রাইটিস বা ডায়াবেটিস থাকলে ব্যথা বেড়ে গেলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
গুজব নয়, দরকার বিজ্ঞানভিত্তিক সচেতনতা
চিকিৎসকদের ভাষ্য, শীতে ব্যথা বাড়লেও ‘ঠান্ডা লাগলে বাত হয়’—এমন ধারণা বৈজ্ঞানিকভাবে ভুল। একইভাবে ভেষজ তেল, ঝাড়ফুঁক বা অ্যান্টিবায়োটিক এই সমস্যার সমাধান নয়।

