খাওয়ার সময় অনেকেই গরম ভাত বা তরকারির ওপর সামান্য লেবুর রস ছিটিয়ে নেন। এতে খাবারের স্বাদ বাড়ে—এটাই আমাদের পরিচিত ধারণা। তবে এই অভ্যাসটি শরীরের জন্য আদৌ কতটা উপকারী, তা নিয়ে অনেকেরই পরিষ্কার ধারণা নেই।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে পুষ্টিবিদদের বরাতে বলা হয়েছে, গরম খাবারের সঙ্গে সরাসরি লেবুর রস মেশালে লেবুর পুষ্টিগুণ অনেকটাই নষ্ট হয়ে যেতে পারে। বিশেষ করে তাপের সংস্পর্শে এলে লেবুর ভিটামিন সি ভেঙে যায়, ফলে কাঙ্ক্ষিত উপকার পাওয়া যায় না।
লেবু ভিটামিন সি–এর একটি উৎকৃষ্ট উৎস। এই ভিটামিন ত্বক, চুল ও চোখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পাশাপাশি ভিটামিন সি শরীরে আয়রন শোষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা হাড়ের সুস্থতার জন্য প্রয়োজনীয়।
তবে গরম খাবারের সঙ্গে লেবুর রস মেশালে এই সব উপকার অনেকাংশে কমে যায়। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় লেবু রাখা জরুরি হলেও সঠিক সময়ে খাওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ।
পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী, খাবার একেবারে গরম থাকা অবস্থায় লেবুর রস না দেওয়াই ভালো। ভাত বা তরকারি কিছুটা ঠান্ডা হলে এরপর লেবুর রস যোগ করলে পুষ্টিগুণ বজায় থাকে। আর রান্নায় লেবু ব্যবহার করতে চাইলে চুলা থেকে নামিয়ে পরিবেশনের ঠিক আগে রস মেশানোই সবচেয়ে ভালো উপায়।
অর্থাৎ, গরম খাবারে লেবুর রস দিলে স্বাদ মিললেও পুষ্টিগুণ নষ্ট হয়। খাবার একটু ঠান্ডা হলে লেবু যোগ করলে তবেই পাওয়া যাবে স্বাদ আর পুষ্টির সঠিক সমন্বয়।
