শুল্ক কমানো ছাড়া ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে রাজধানীর বিটিআরসি ভবনে ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারীরা। হঠাৎ এই হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার পর বিটিআরসি ভবনের সামনে জড়ো হয়ে মোবাইল ব্যবসায়ীরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিকেল ৪টার দিকে তারা ভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে ভাঙচুরের ঘটনা ঘটে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান জানান, বিক্ষোভকারীরা আকস্মিকভাবে হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে বলে তিনি জানান।
ভাঙচুরে বিটিআরসি ভবনের মসজিদের কাঁচ ভেঙে যায়। ওই সময় সেখানে কর্মকর্তা-কর্মচারীরা নামাজ আদায় করছিলেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিটিআরসির এক কর্মকর্তা জানান, হঠাৎ শুরু হওয়া এই ভাঙচুরে ভবনের একাধিক কাঁচ ভেঙে গেছে। ছুটি হওয়ার পরও কয়েকশ বিক্ষোভকারী বাইরে অবস্থান নেওয়ায় নিরাপত্তাজনিত কারণে কর্মকর্তা-কর্মচারীরা ভবন ছাড়তে পারছেন না।
