বাংলাদেশে বছরের অন্য যেকোনো দিনের তুলনায় পহেলা জানুয়ারিতে জন্মগ্রহণকারী মানুষের সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি—এমন তথ্য উঠে এসেছে জন্মনিবন্ধন ও পাসপোর্টের জন্মতারিখ বিশ্লেষণে। অনেকেই মজা করে বলেন, “আপনার জন্মদিনও কি পহেলা জানুয়ারি?”

যদিও এ বিষয়ে কোনো নির্দিষ্ট গবেষণা নেই, তবে বিভিন্ন জরিপ ও তথ্য বিশ্লেষণে দেখা গেছে—অংশগ্রহণকারীদের বড় একটি অংশের জন্মতারিখ হিসেবে উল্লেখ আছে ১ জানুয়ারি। বিবিসির এক প্রতিবেদনে এই চিত্র তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে শিশু বিশেষজ্ঞ ড. ইশতিয়াক মান্নান বলেন, বাস্তবে এত মানুষ একদিনে জন্মেছে—বিষয়টি এমন নয়। বাংলাদেশে এখনো বহু শিশু বাড়িতে, বিশেষ করে গ্রামীণ এলাকায় জন্মগ্রহণ করে। শিক্ষার হার কম হওয়ায় অনেক বাবা-মা জন্মনিবন্ধনের গুরুত্ব ও সঠিক তথ্য সম্পর্কে সচেতন নন।

তার মতে, জন্মতারিখ মনে না থাকায় অনেক সময় ভুল তারিখ নিবন্ধিত হয়। আবার বাড়িতে বা হাসপাতালে জন্ম নেওয়া বহু শিশুর জন্মনিবন্ধন সময়মতো সম্পন্ন হয় না। পরবর্তীতে স্কুলে ভর্তি বা সরকারি কাজে জন্মতারিখ প্রয়োজন হলে তখন আন্দাজে একটি তারিখ বসিয়ে দেওয়া হয়।

এই প্রক্রিয়ায় সহজে মনে রাখা যায়—এমন একটি সাধারণ তারিখ হিসেবে অনেকেই বেছে নেন বছরের প্রথম দিন, অর্থাৎ ১ জানুয়ারি। ফলে কাগজে-কলমে দেশে পহেলা জানুয়ারিতে জন্ম নেওয়া মানুষের সংখ্যা বেড়ে যায়।