অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ক্যানসার চিকিৎসায় একটি নতুন ও সম্ভাবনাময় পদ্ধতি উদ্ভাবনের দাবি করেছেন। উন্নত প্রযুক্তি ব্যবহার করে এই পদ্ধতিতে কেবল ক্যানসার কোষকে লক্ষ্য করে ধ্বংস করা সম্ভব, এতে আশপাশের সুস্থ কোষের ক্ষতি হয় না বলে জানিয়েছেন গবেষকরা।
গবেষণায় ব্যবহৃত ‘ন্যানো ডট’ নামের অতি সূক্ষ্ম ধাতব কণাগুলো মানবদেহে ক্যানসার কোষ শনাক্ত করে সেগুলোকে ধ্বংস করতে সক্ষম। গবেষকদের মতে, এটি লক্ষ্যভিত্তিক ক্যানসার থেরাপির ক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।
আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের গবেষক ডা. বাওওয়ে ঝেং বলেন, স্বাভাবিক কোষের তুলনায় ক্যানসার কোষ সবসময় বেশি চাপের মধ্যে থাকে। ন্যানো ডটগুলো সেই চাপ আরও বাড়িয়ে দেয়, যার ফলে ক্যানসার কোষ নিজেই ধ্বংসের প্রক্রিয়ায় প্রবেশ করে।
তবে গবেষণাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ পর্যন্ত কেবল ল্যাবরেটরিতে কোষের ওপর পরীক্ষা চালানো হয়েছে; প্রাণী বা মানুষের ওপর এখনো কোনো পরীক্ষা শুরু হয়নি। এরপরও গবেষকদের আশা, ক্যানসার কোষের নির্দিষ্ট দুর্বলতাকে লক্ষ্য করে এই পদ্ধতি ভবিষ্যতে কার্যকর চিকিৎসা কৌশল হিসেবে বিকশিত হতে পারে।
